1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল - dailyjanatarshakti
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নির্মল বাতাসে প্রকৃতিজুড়ে শুভ্রতার হাতছানি। ঋতুর পালাবদলে শরতের এমন রূপ-লাবণ্যে সেজেছে কিশোরগঞ্জের হোসেনপুর। উপজেলার ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলজুড়ে এখন শোভা পাচ্ছে অগণিত কাশফুল। দক্ষিণা বাতাসে দোলা দেওয়া এই শুভ্রতার রূপ উপভোগ করতে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত প্রকৃতিপ্রেমী।
(ছবি: এসকে শাহীন নবাব / ক্যামেরা: ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি জাহিদুল ইসলাম)শনিবার সরেজমিনে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার বিস্তৃত চরাঞ্চলজুড়ে ছেয়ে আছে শুভ্র কাশফুলের সমারোহ। নদীর তীরে যেন আছড়ে পড়ছে সাদা ঢেউ। নীল আকাশ আর সবুজের বুকে এই দৃশ্য পুরো পরিবেশকে এক মনোমুগ্ধকর আবহে রূপ দিয়েছে।
​প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের মানুষ প্রিয়জন, পরিবার ও বন্ধুদের নিয়ে কাশবনে সময় কাটাতে আসছেন। বিশেষ করে শেষ বিকেলে রোদের নরম আলো যখন কাশফুলের ওপর পড়ে, তখন পুরো চরাঞ্চল এক অপূর্ব মায়াবী রূপ ধারণ করে। দর্শনার্থীরা ছবি তোলা, সেলফি নেওয়া আর প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সময় কাটাতে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সুন্দর মুহূর্ত ছড়িয়ে পড়ায় প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ছে।
​সাহেবদের চর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, “মানসিক শান্তি ও কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই এখানে আসি। শরতের এই সময়টায় এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ হয়ে ওঠে।”
​তবে কাশবনে ঘুরতে আসা অনেকে পরিবেশ সচেতনতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় জলিল মিয়া ও মনি আক্তার জানান, কাশফুল ছাড়া শরৎ অসম্পূর্ণ হলেও অনেক দর্শনার্থী ফুল ছিঁড়ে নষ্ট করছেন। এছাড়া প্লাস্টিক ও অন্যান্য ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করার প্রবণতাও দেখা যাচ্ছে।
​স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে আগতদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। ফুল না ছেঁড়া এবং চত্বর পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এই মনোরম প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন তারা।
​উল্লেখ্য, সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি গ্রামবাংলায় কাশগাছের রয়েছে নানা ব্যবহারিক গুরুত্ব। এটি ঘরের চালা, পানের বরজ ও সবজির বেড়া তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া নদীর মাটি ক্ষয় রোধ এবং কাগজের মণ্ড তৈরিতেও কাশগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
​যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা সময় স্বস্তি পেতে এবং প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে হোসেনপুরের এই বিশাল কাশবন এখন ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি