মোঃ রবিউল আউয়াল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক কারবার, বাল্যবিবাহ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও শহরের যানজট নিরসনে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজাহিদুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম ছিদ্দিক, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সামাজিক অনাচার ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় মাদক কারবারিদের তালিকা তৈরি করে দ্রুত অভিযানে নামা, বাল্যবিবাহ বন্ধে দ্রুত পদক্ষেপ এবং পৌর এলাকার যানজট নিরসনে সুনির্দিষ্ট উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাবসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply