ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (নরসিংদী)-এর উদ্যোগে ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে অনুমোদনহীনভাবে মশার কয়েল প্রস্তুত ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন ২০১৮’ অনুযায়ী তিনটি কারখানা থেকে এই জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলাদিন কেমিক্যাল ওয়ার্কস এন্ড মার্কেটিং-কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানি-কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও রাফি কেমিক্যাল প্রোডাক্টস-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বিএসটিআই প্রধান কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে বিএসটিআইয়ের এই ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
© All rights reserved © 2022
Leave a Reply