নান্দাইলে ‘শ্রী গুরু প্রেম কুমার ধাম’ দেবালয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এমপি’র হস্তক্ষেপ দাবি
মোঃ জাহিদুল ইসলাম প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের বৈলতৈল গ্রামে অবস্থিত ঐতিহাসিক “শ্রী গুরু প্রেম কুমার ধাম দেবালয়”-এর অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরীর কাছে এ বিষয়ে দ্রুত আকুল আবেদন জানিয়েছেন দেবালয় পরিচালনা কমিটি ও আগত পুণ্যার্থীরা।
সম্প্রতি দেবালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় দেবালয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা মন্দিরটির নানাবিধ মৌলিক সমস্যার কথা তুলে ধরেন।
সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পবিত্র এই দেবালয়টিতে বেশ কিছু জরুরি উন্নয়নমূলক কাজের অভাব রয়েছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য নেই কোনো বিশুদ্ধ পানির টিউবওয়েল এবং শৌচাগারের (বাথরুম) ব্যবস্থা। এছাড়া, দেবালয়টির ওপরের অংশে টিনের বা পাকা ছাদের ছাউনি না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ে। ফলে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ পুণ্যার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
সভায় দেবালয় কমিটির সভাপতি শ্রী নিতাই কুমার সরকার বলেন, “শ্রী গুরু প্রেম কুমার ধাম দেবালয়টি আমাদের এলাকার একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী স্থান। কিন্তু প্রয়োজনীয় মৌলিক সুবিধার অভাবে এখানে আসা পুণ্যার্থীদের নানা কষ্ট সহ্য করতে হয়। বিশেষ করে বৃষ্টির দিনে ছাউনি না থাকায় ধর্মীয় অনুষ্ঠানাদি সঠিকভাবে পালন করা অসম্ভব হয়ে পড়ে। আমরা নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি—তিনি যেন আমাদের মানবিক ও ধর্মীয় এই সমস্যাগুলো বিবেচনা করে দ্রুত একটি টিউবওয়েল, শৌচাগার এবং দেবালয়ের ছাদ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।”
উক্ত সভায় দেবালয় কমিটির অন্যান্য সদস্যগণও বক্তব্য রাখেন এবং যৌথভাবে স্থানীয় সংসদ সদস্যের শুভ দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় এলাকাবাসী ও ভক্তদের প্রত্যাশা, জনবান্ধব সংসদ সদস্য দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দেবালয়টির অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবেন।
© All rights reserved © 2022
Leave a Reply