মোঃ জাহিদুল ইসলাম প্রতিনিধি কিশোরগজ জেলা হোসেনপুরে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়া এবং বসতঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে অল্প সময়ের ঝড়ে উপজেলার জিনারী ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝোড়ো বাতাসে জিনারী ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে এবং বড় বড় গাছের ডালপালা ভেঙে যায়। বিভিন্ন সবজি, পেঁপে, আম, জাম, কাঁঠালসহ ফলদ ও বনজ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে স্থানীয়রা জানান।
উপজেলার পিতলগঞ্জ এলাকায় একটি বড় রেন্টিগাছ ভেঙে সড়কের ওপর পড়ে। এতে হোসেনপুর-হাজীপুর-দেওয়ানগঞ্জ প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের বিভিন্ন এলাকার যানবাহন চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়।
এ ছাড়া গাছের ভারী ডালপালা বৈদ্যুতিক তারের ওপর পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝোড়ো বাতাসে বেশ কিছু বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মাঠের আমন ধানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
ঝড়ের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হোসেনপুর-হাজীপুর-দেওয়ানগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
ঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply