মেঃ জাহিদুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস এবং বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবস দুটির তাৎপর্য তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে দিবস দুটির মূল বার্তা পৌঁছে দেয়। র্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও টেকসই বসতি মানুষের মৌলিক জীবনমান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ আবাসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “শিক্ষকরা শুধু পাঠদান করেন না; তাঁরা জ্ঞান, মূল্যবোধ, মানবিকতা ও নৈতিকতার আলোয় একটি পুরো প্রজন্মকে গড়ে তোলেন। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পুলিশ সুপারের কার্যালয়ের প্রতিনিধি এবং জেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
© All rights reserved © 2022
Leave a Reply