মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি হোসেনপুরে বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা উপজেলার ২নং সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামের সরকারি পাকা সড়ক দিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
সোমবার (৮ জুন) এলাকাবাসীর পক্ষে মো. রেনু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে সাহেবের চর এলাকার মো. বোরহান উদ্দিন ও মো. শরিফ উদ্দিনকে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, চরবিশ্বনাথপুর গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। গ্রামের মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি কওমি মাদরাসা ও মসজিদ রয়েছে। গ্রামের ভেতর দিয়ে যাওয়া সরকারি পাকা সড়কটি ব্যবহার করে প্রতিদিন সাধারণ মানুষ, অটোরিকশা, রিকশা, সাইকেল, মোটরসাইকেল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে।
অভিযোগকারীদের দাবি, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা পরিবহনের জন্য গ্রামের সরু পাকা সড়ক ব্যবহার করা হচ্ছে। এ কাজে লরি, ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ভারী যানবাহনের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাতের বেলায় ভেকু মেশিন দিয়ে ট্রাক চলাচলের উপযোগী করে রাস্তা প্রস্তুতের কাজ করা হচ্ছে এবং রাস্তার দুই পাশের গাছপালা কেটে ফেলা হচ্ছে। স্থানীয়রা বাধা দিলে সংশ্লিষ্টরা সরকারি অনুমোদন রয়েছে বলে দাবি করেন।
এলাকাবাসীর ভাষ্য, এর আগেও বালুবাহী যানবাহনের কারণে আশপাশের কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে জনস্বার্থে চরবিশ্বনাথপুর গ্রামের এ সড়ক দিয়ে বালুবাহী লরি, ড্রাম ট্রাক ও ট্রাক্টরের চলাচল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি রক্ষা ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
© All rights reserved © 2022
Leave a Reply