নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘মেহেদী হাসান রবিন মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর চূড়ান্ত (ফাইনাল) খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল শুক্রবার (০৫ জুন, ২০২৬ ইং) এই খেলার সমাপনী ও ট্রফি হস্তান্তরের আয়োজন করা হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত জনাব মো: নাজমুল আলম।
ফাইনাল খেলা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট গ্রামীণ জনপদে ভ্রাতৃত্ববোধ বাড়াতে এবং তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে দারুণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজখাপন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন ভূইয়া। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রানার্স-আপ এবং বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে জমকালো ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
© All rights reserved © 2022
Leave a Reply