নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হারেঞ্জা একতা বাজারের গরু হাটের ইজারার লভ্যাংশ ও শেয়ারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মো: আবুল কাশেম হোসেনপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, হারেঞ্জা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে মো: আবুল কাশেম গত ২৫-২৬ অর্থ বছরে হারেঞ্জা একতা বাজারের ইজারা গ্রহণ করেছিলেন। তবে চলতি ২৬-২৭ অর্থ বছরে উক্ত হাটের ইজারা পান সাহেবের চর গ্রামের মো: সোহরাব উদ্দিনের ছেলে মো: পায়েল মিয়া।
ভুক্তভোগী আবুল কাশেমের দাবি, ওই হাটের ‘আট আনা’ (৫০ শতাংশ) শেয়ার বাবদ তিনি গত ০১-০৪-২০২৬ইং তারিখে ইজারাদার পায়েল মিয়াকে নগদ ১৭,০০,০০০ (সতেরো লক্ষ) টাকা প্রদান করেন। অবশিষ্ট টাকা পরবর্তীতে দেওয়ার কথা ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫-০৪-২০২৬ইং তারিখে হারেঞ্জা একতা বাজার গরু হাটের খাজনা আদায় করা হলেও, ইজারাদার মো: পায়েল মিয়া চুক্ত অনুযায়ী আবুল কাশেমকে তার পাওনা লভ্যাংশ বা হিস্যা বুঝিয়ে দেননি। টাকা ফেরত বা লভ্যাংশ না দিয়ে উল্টো তা আত্মসাতের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে প্রতিকার চেয়ে এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবুল কাশেম হোসেনপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply