দিগপাইতে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ছানোয়ার হোসেন সোহাগ
তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের চকপাড়া ও বড়ভিটা গ্রামের সংযোগস্থলে বংশাই নদীর ওপর নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করেছেন দিগপাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছানোয়ার হোসেন সোহাগ।
স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি এই উদ্যোগ নেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চকপাড়া ও ২ নম্বর ওয়ার্ডের বড়ভিটা গ্রামের সংযোগস্থলে বংশাই নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি বাঁশের সাঁকো ছিল। নড়বড়ে সাঁকোটি দিয়ে দুই পাড়ের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতেন। একপর্যায়ে সাঁকোটি ভেঙে যাওয়ায় সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত স্থায়ী সেতু নির্মাণ হয়নি বলে স্থানীয়রা জানান। ফলে নদীর দুই পাড়ের বাসিন্দাদের পাশাপাশি কর্মজীবী মানুষ ও শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হতো।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইজেড) সংলগ্ন হওয়ায় এলাকাটিতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এ অবস্থায় স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমাতে মো. ছানোয়ার হোসেন সোহাগ নিজ অর্থায়নে সেখানে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন।
সোমবার বিকেলে নির্মিত সেতুটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি চালু হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের চলাচল সহজ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে কাঠের সেতুটি নির্মাণের ফলে অন্তত আপাতত দুই পাড়ের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমেছে।
এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছানোয়ার হোসেন সোহাগ বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্টের কথা বিবেচনা করেই নিজ অর্থায়নে কাঠের সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। মানুষের চলাচল সহজ হওয়াটাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
© All rights reserved © 2022
Leave a Reply