বিশেষ প্রতিনিধি:
“জামিনের আগে পর্যন্ত আপনি তার কাছে সবকিছু—‘স্যার, আপনিই আমার শেষ ভরসা, আপনি আমার ভাই। আপনার এই উপকার জীবনেও ভুলবো না।’ কিন্তু জামিন হয়ে গেলেই বদলে যায় দৃশ্যপট। ফোন রিসিভ হয় না, মেসেজ সিন হয় না, এমনকি রাস্তায় দেখা হলেও না চেনার ভান করে চলে যায় অনেকে।”
আইন পেশার এক নির্মম ও বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট দিয়েছেন শিক্ষানবিশ ও তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নাহিদা মনি। পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে তরুণ বা জুনিয়র আইনজীবীদের আবেগের বশবর্তী না হয়ে প্রফেশনাল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
তিনি উল্লেখ করেন, আইনজীবীদের জীবনে মক্কেলরা মূলত ‘অতিথি পাখি’র মতো। বিপদ থেকে বাঁচতেই তারা আইনজীবীর কাছে আসে, কোনো দীর্ঘস্থায়ী আত্মীয়তা গড়ে তুলতে নয়। বিপদ কেটে গেলে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
জুনিয়র আইনজীবীদের জন্য তিনি কয়েকটি বিশেষ পরামর্শ দিয়ে লেখেন:
আবেগে সিদ্ধান্ত নয়: মক্কেলের মিষ্টি কথা বা আকুতিতে গলে গিয়ে আবেগের বশবর্তী হয়ে মামলা নেওয়া উচিত নয়।
পেশাদারত্ব বজায় রাখা: পেশাগত সম্পর্কের জায়গা পরিষ্কার রাখা এবং কাজের বিনিময়ে প্রাপ্য ফি শুরুতেই বা নিয়ম অনুযায়ী ক্লিয়ার করে নেওয়া জরুরি।
বাস্তবতা অনুধাবন: দিনশেষে টেবিলের ওপর জমে থাকা ফাইলগুলোই আইনজীবীর নিজস্ব সম্পদ, মক্কেল কখনো নিজের হয় না।
আইন অঙ্গনের প্রবীণ ও নবীন আইনজীবীদের মধ্যে পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, অভিজ্ঞতা থেকে নেওয়া এই বার্তাটি নতুনদের জন্য বেশ কার্যকরী ও সতর্কতামূলক নির্দেশনা হিসেবে কাজ করবে।
© All rights reserved © 2022
Leave a Reply