দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতা চর্চার বিকাশে কাজলা উচ্চ বিদ্যালয় এবং ধলা বহুমুখী আলিম মাদ্রাসা এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ও তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পৃথকভাবে প্রতিষ্ঠান দুটিতে সততা স্টোরের উদ্বোধন, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় ধলা বহুমুখী আলিম মাদ্রাসা মিলনায়তনে এবং দুপুর ১টায় কাজলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমরুল হাসান দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ ও উপসহকারী পরিচালক মো. সালেহ আহমেদ।
ধলা বহুমুখী আলিম মাদ্রাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল হান্নান।
অন্যদিকে কাজলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মো. নজরুল হক, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে. মাইনুজ্জামান নবাব ও প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।
ইউএনও তানজিলা আখতার বলেন, আমাদের দায়িত্ব হল দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া। শিক্ষার্থীদের বাল্যকাল থেকেই সততা, সততা স্টোরের সঠিক ব্যবহার এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply