দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী: ‘ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য জনসেবক হতে চাই’— বিএনপি নেতা আব্দুল কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধুলজুরী হাজী এরছালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই এলাকার আশেপাশে মসজিদ, মন্দির এবং কামারদের তৈরি দাও, কাঁচিসহ নানা দ্রব্যাদির বাজার ও কর্মস্থল থাকলেও রাস্তার নাজুক অবস্থার কারণে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, কারিগর ও কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যানবাহন ও পথচারীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে ধুলজুরী হাজী এরছালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থী ও স্থানীয় কামার শিল্পসহ নানা পেশার মানুষের উৎপাদিত পণ্য আনা-নেওয়ায় প্রতিনিয়ত চরম ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম বলেন, “অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে। স্থানীয় মসজিদ-মন্দিরে আসা ধর্মপ্রাণ মানুষ, ব্যবসায়ী, কামার শিল্পের সাথে জড়িত কারিগর এবং বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগ আর মেনে নেওয়া যায় না। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য জনগণের সেবক হতে চাই।”
তিনি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানান। একইসাথে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণ তাকে সেবা করার সুযোগ দিলে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক জনকল্যাণমূলক সামাজিক অবকাঠামোর উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
এদিকে, এলাকার দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
© All rights reserved © 2022
Leave a Reply