মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না থাকায় এ ব্যবস্থা নেয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টার মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘আল্লাহর দান বেকারি’তে দেখা যায়, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হলেও সেগুলোর মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও ওজন উল্লেখ করা হয়নি। এতে ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় বেকারির মালিক মোহাম্মদ আজিজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে সকল খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply