বিএনপির সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দিকনির্দেশনা ও কৌশল নির্ধারণে এক বিশেষ পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী এবং হোসেনপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী-এর নিজ বাসভবনে আয়োজিত এ সভায় তাঁর পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হোসেন আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে হোসেন আলী বলেন, “জনপ্রিয়তায় বর্তমানে আমরা শীর্ষে রয়েছি। দলীয় নেতাকর্মী ও তৃণমূলের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে দল আমাকে মূল্যায়ন করবে এবং আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় লাভ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আড়াইবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের অধিকার আদায় এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে আমি সর্বদা প্রস্তুত। পরিবার এবং সাধারণ এলাকাবাসীর আকুণ্ঠ ভালোবাসাই আমার প্রধান শক্তি।”
সভায় উপস্থিত পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা হোসেন আলীর রাজনৈতিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই সাথে নির্বাচনী কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
© All rights reserved © 2022
Leave a Reply