নেত্রকোনা, কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী
আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী এবং প্রশিক্ষণের কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুণ।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সমরেন্দ্র বিশ্বশর্মা, মদন প্রেসক্লাবের নূরুল হক এবং আটপাড়া উপজেলা প্রেসক্লাবের মাকসুদুল হক।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরন ও সংবাদ পরিবেশনের পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে সংবাদ তৈরি, সম্পাদনা ও পরিবেশনে মাল্টিমিডিয়া প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, প্রযুক্তির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “আমি নতুন কিছু করতে বিশ্বাসী। অন্যরা যা করেনি, আমি তা করতে চাই।” তিনি সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য যাচাইয়ের দক্ষতা কাজে লাগিয়ে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতা করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে অতিথিরা সনদ তুলে দেন।
© All rights reserved © 2022
Leave a Reply