জমকালো আয়োজনে দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বিশেষ প্রতিনিধি / নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় দৈনিক ‘মুক্ত খবর’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ২৪ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাফল্যকে উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের তৃতীয় তলায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক মুক্ত খবরের সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) খালেদ সাইফুল্লাহ খান সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির মফস্বল সম্পাদক মাইনুল হাসান মামুন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পত্রিকার প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য ও অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনার পর তাঁদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কেটে পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষপর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা এক আনন্দঘন ও মনোরম সন্ধ্যা উপভোগ করেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলায় দৈনিক মুক্ত খবর সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে উল্লেখ করে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply