দক্ষিণ সুরাটিতে এ আই খান শিবলুর মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপান্তরিত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এ আই খান শিবলু-র উদ্যোগে এক প্রীতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ সুরাটি এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভাটি সাধারণ মতবিনিময় হিসেবে শুরু হলেও সময় বাড়ার সাথে সাথে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে তা এক বিশাল জনসভায় রূপ নেয়। এতে দক্ষিণ সুরাটি ও আশপাশের এলাকা থেকে শত শত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করে জনাব এ আই খান শিবলু বলেন, “আমার জানা মতে আমি কখনো কারও কোনো ক্ষতি করিনি। আগামীতেও আপনাদেরকে সাথেই নিয়ে আমি বেঁচে থাকতে চাই। জনগণের ভালোবাসাই আমার মূল চালিকাশক্তি। ২নং সিদলা ইউনিয়নের আপামর মানুষের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
ভীতি প্রদর্শন ও সতর্কবার্তা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মী ও সমর্থকদের কারা হুমকি দিচ্ছেন, কে কেমন তা আমার খুব ভালো করেই জানা আছে। বাবু সাবধান! কর্মীদের ওপর কোনো প্রকার অন্যায় বা ভয়ভীতি প্রদর্শন সহ্য করা হবে না।”
বক্তব্যে তিনি এলাকার অবহেলিত মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সিদলা ইউনিয়নকে একটি উন্নত, সুশাসিত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চান।
উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত জনতা আগামী নির্বাচনে এ আই খান শিবলুর প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply