আ. ম. মঈনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের শিক্ষা সামগ্রী বিতরণ ও উন্নয়নকাজের উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৫ অক্টোবর (২০২৬) শিক্ষার্থীদের মাঝে আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। তিনি শিক্ষার্থীদের হাতে রঙিন স্কুল ড্রেস, নতুন স্কুল ব্যাগ ও খেলাধুলার নানা সামগ্রী তুলে দেন।
শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক বিদ্যালয়টির অবকাঠামোগত মানোন্নয়নে মাঠ, ভবন ও ড্রেন সংস্কারকাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং চারা গাছ রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, “শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষা ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।”
উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, কোমলমতি শিশুদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বহুগুণ বৃদ্ধি করবে এবং এলাকায় একটি মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার এবং কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ কামরুল হাসান মারুফ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply