জনতার ডেক্স
রাজনৈতিক সহিংসতা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত মানবিক প্ল্যাটফরম ‘আমরা বিএনপি পরিবার’ নানা কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ২০২৪ সালের ২২শে মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও সামাজিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠন সূত্রে জানা যায়, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বিভিন্ন উদ্যোগ আগে থেকেই চলমান ছিল। আহত কর্মীদের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের মতো কার্যক্রম পরবর্তীতে ‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সংগঠনটির কার্যক্রম নতুন করে আলোচনায় আসে। আন্দোলনে আহত শিক্ষার্থী, অগ্নিদগ্ধ রোগী, পঙ্গুত্ববরণকারী তরুণ এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাস পর্যন্ত ‘আমরা বিএনপি পরিবার’ ২৯২টি শহীদ পরিবার ও ২৮৫ জন আহত ব্যক্তিকে সহায়তা দিয়েছে। এ ছাড়া প্রায় ১৮০টির বেশি শিশুর শিক্ষা সহায়তা ও মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর বাইরে দেশের ৪০টিরও বেশি জেলায় সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। রাঙ্গামাটি থেকে সেন্টমার্টিন, ফেনী থেকে নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাঙ্গামাটির নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার পরিবারের খোঁজখবর নেয়া এবং সেন্টমার্টিনের জেলে পরিবারগুলোর পাশেও দাঁড়িয়েছে এই সংগঠন।
সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগ। নীলফামারীতে শহীদ রব্বানির পরিবারের জন্য বাড়ি নির্মাণের পর ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারের জন্য নির্মিত বাড়ি হস্তান্তরের প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়ার অসহায় গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়ির কাজও শেষ হয়েছে। একইভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের জন্য নির্মিত ঘরও শিগগিরই হস্তান্তর করা হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, মাগুরায় শহীদ মশিউরের পরিবার এবং চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ তারেকের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যশোরের মনিরামপুর উপজেলার পুর গ্রামে স্থানীয় জনগণের জন্য একটি মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে।
চিকিৎসা সহায়তার ক্ষেত্রেও সক্রিয় রয়েছে এ সংগঠন। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা, ফ্রি চক্ষু ক্যাম্প, হুইলচেয়ার বিতরণ, ওষুধ সহায়তা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা তদারকির কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শিক্ষা খাতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে সংগঠনটি। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি, অসহায় শিশুদের নিয়মিত সহায়তা, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা এবং মেধাবী তরুণদের উৎসাহ প্রদানের পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনমুখী তরুণদেরও সহায়তা দেয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর এক তরুণ ড্রোন উদ্ভাবকের গবেষণা কার্যক্রমে সহযোগিতা প্রদানের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।
দুর্যোগকালীন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ফেনী ও নোয়াখালীর বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের মতো পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ শুধু আর্থিক সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।
সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ মানবিক সহায়তাভিত্তিক একটি উদ্যোগ হিসেবে কাজ করছে। এখানে শুধু রাজনৈতিক কর্মী নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহায়তার আওতায় আসছেন। মানবিক সম্পৃক্ততার একটি নতুন ধারা তৈরির লক্ষ্য নিয়েই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply