মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা আসন্ন পবিত্র ঈদুল আজহায় রাজধানী ঢাকার পরিবেশ সুরক্ষায় ও দ্রুত কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নাগরিকদের মাঝে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বর্জ্য ব্যবস্থাপনার এই বিশেষ কার্যক্রমের ঘোষণা দেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, এবারের কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ও পরিচ্ছন্নভাবে সংরক্ষণের জন্য নাগরিকদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া জবাইকৃত পশুর রক্ত ও ময়লা থেকে যাতে দুর্গন্ধ বা রোগজীবাণু না ছড়ায়, সেজন্য ৫৬ টন ব্লিচিং পাউডার এবং ১,০৫০ লিটার স্যাভলন ছিটানো ও বিতরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “কোরবানির বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণ করতে আমরা বদ্ধপরিকর। তবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে সম্মানিত নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। নির্ধারিত ব্যাগে বর্জ্য রেখে এবং ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহার করে নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবাই এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।”
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন থেকেই নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততার সাথে পরিচ্ছন্নতাকর্মীরা সমস্ত বর্জ্য অপসারণের জন্য মাঠে প্রস্তুত থাকবেন।
© All rights reserved © 2022
Leave a Reply