আজিজ আহমেদ, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রাফিক্স প্রশিক্ষক আলা উদ্দিন সাবেরী নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রোববার বিকেলে চৌমুহনীর হকার্স মার্কেট এলাকায় শাহী হোটেলের উপরের তলায় অবস্থিত ‘ডিজাইন শৌলি’ নামের একটি গ্রাফিক্স প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবেরী নোয়াখালী সদর উপজেলার চর এলাহী গ্রামের বাসিন্দা আবু হানিফের ছেলে।
ভিকটিমের মামার অভিযোগ, তার ভাগিনা মাদ্রাসায় পড়াশোনা করলেও সম্প্রতি পড়ালেখায় অনাগ্রহী হয়ে পড়ে। এ কারণে রোববার সকালে তাকে ডিজাইন শেখার জন্য সাবেরীর প্রতিষ্ঠানে দেওয়া হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত শিক্ষক জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক কাজ করেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, সাবেরীর বিরুদ্ধে আগে থেকেই অসদাচরণের নানা অভিযোগ ছিল। তবে লোকলজ্জার ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলেনি।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply