নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ) |
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো: শামীম মিয়া নামে এক ব্যক্তি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হোসেনপুর থানার তারাপাশা গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো: শামীম মিয়া তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে গত ২৬ মার্চ ২০২৬ তারিখ সকালে একই এলাকার মো: রুস্তম আলী, মো: মোতালিব, মোস্তালিবসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করলে তিনি প্রাণভয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শামীম মিয়া জানান, তিনি পেশায় একজন শ্রমজীবী এবং জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। তার অনুপস্থিতির সুযোগে বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন। মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে একা পেলে হত্যা ও লাশ গুমের হুমকি দিচ্ছে বলে তিনি দাবি করেন। এতে পুরো পরিবার বর্তমানে চরম আতঙ্কে রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো: শামীম মিয়া কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং-৪৩০/২০২৬) দায়ের করেছেন। পাশাপাশি তিনি হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শামীম মিয়া বলেন,“আমি একজন নিরীহ মানুষ। আমার পৈত্রিক জমিতে ঘর তুলতে পারছি না। উল্টো আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
© All rights reserved © 2022
Leave a Reply