নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বসতঘরে মাদক সেবনের প্রতিবাদ করায় মোছাঃ জাহেদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ এপ্রিল সকালে উপজেলার কাপাসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল মিয়া (২০) ওই এলাকার সাইফুল মিয়ার ছেলে ও ভুক্তভোগীর আপন নাতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী নাজমুল মিয়া দীর্ঘ দিন ধরে তার সঙ্গীদের নিয়ে ভুক্তভোগী জাহেদা খাতুনের বসতঘরে মাদক ও জুয়ার আসর বসিয়ে আসছিল। বৃদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বাধা দিলেও অভিযুক্ত যুবক তাতে কর্ণপাত করেনি।
গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে নাজমুল তার দলবল নিয়ে আবারও ওই ঘরে মাদক সেবন শুরু করলে জাহেদা খাতুন তাদের বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরদিন ২৫ এপ্রিল বেলা ১১টার দিকে নাজমুল ও তার অজ্ঞাত ২/৩ জন সহযোগী পুনরায় ঘরে ঢুকে মাদক সেবন করতে থাকে। আবারও প্রতিবাদ করলে বিবাদীরা বৃদ্ধাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে নাজমুল বাঁশের লাঠি দিয়ে বৃদ্ধার পিঠে ও কোমরে আঘাত করে গুরুতর আহত করে।
বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোছাঃ জাহেদা খাতুন হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমি আমার নিজের ঘরে শান্তিতে থাকতে পারছি না। প্রতিবাদ করলেই আমাকে মারধর করা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি এর সঠিক বিচার চাই।”
© All rights reserved © 2022
Leave a Reply