মোঃ এনামুল হক
হোসেনপুর( কিশোরগঞ্জ) চরবিশ্বনাথপুরে শোকের ছায়া নেমে এসেছে। সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক হোসেন আলী আলী (মাস্টার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টায় দিকে হোসেনপুর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৮ বছর।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) বাদ জোহর হোসেনপুর নতুন বাজার ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। হোসেনপুর সহকারী কমিশনার মোহসী মাসনাদ ও হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে সালাম প্রদর্শন করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং উপস্থিত সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হোসেন আলী মাস্টার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি শিক্ষকতা পেশাকে ব্রত হিসেবে গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।
এলাকাবাসী জানান, হোসেন আলী মাস্টার শুধু একজন মুক্তিযোদ্ধা বা শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বাতিঘর। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং ন্যায়ের পক্ষে অবিচল এই মানুষটি সারাজীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন। তার হাতে গড়া অসংখ্য ছাত্র আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত।
তার মৃত্যুতে হোসেনপুর উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ বলেন –
একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো হোসেনপুর। তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তার পরিবারের পাশে আছি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply