সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুরে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধে ব্যাপক তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরেও উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট ও কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা (ইউএনও) নিজেই পাম্পে উপস্থিত থেকে গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করেন। যাদের প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র রয়েছে, কেবল তাদেরকেই তেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করছেন তিনি। অন্যদিকে, নিয়ম অমান্য করে লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসা চালকদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেলের অপচয় রোধ এবং প্রকৃত ব্যবহারকারীদের সেবা নিশ্চিত করতে এই ‘ফুয়েল কার্ড’ ও কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, হোসেনপুরে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং জনভোগান্তি কমাতে এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কৃষি ও জরুরি পরিবহনের ক্ষেত্রে যাতে কোনো সংকট না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply