মোঃ রবিউল আউয়াল হোসেনপুর প্রতিনিধি
হোসেনপুরে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নতুন ওসির
কিশোরগঞ্জের হোসেনপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. শ্যামল মিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
থানা সূত্রে জানা গেছে, শ্যামল মিয়া এর আগে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরি-ডাকাতি প্রতিরোধে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
যোগদানের পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নতুন ওসি।
তিনি বলেন, ‘হোসেনপুর থানা হবে জনগণের থানা। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখা হবে।’
শ্যামল মিয়া আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ হোসেনপুর গড়তে পুলিশের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
© All rights reserved © 2022
Leave a Reply