কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; নৌ-ডাকাতি ও যানজট নিরসনে সমন্বিত তাগিদ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১২ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জালাল উদ্দীন, এমপি।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়। নাগরিক জীবনে স্বস্তি ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহরাঞ্চলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, তীব্র যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং ক্ষতিগ্রস্ত সড়কসমূহের দ্রুত সংস্কারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত তা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং জনগণকে অধিকতর মানসম্মত ও সময়োপযোগী সেবা প্রদান করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। জেলা প্রশাসন কিশোরগঞ্জ এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ:
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply