1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে হত্যার হুমকি ও তাঁর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই পিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাদ মাগরিব কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার। তিনি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের মরহুম আক্তারুজ্জামান মাস্টারের ছেলে ও উত্তর দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী মারা যাওয়ার পর নিজের চলাফেরা ও প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কিছু সম্পত্তি নিজের দখলে রেখে বাকি সম্পত্তি তাঁর পাঁচ ছেলের মধ্যে মৌখিক ও দলিলের মাধ্যমে বন্টন করে দেন। এর মধ্যে দশকাহুনিয়া উত্তর বন্দের একটি সম্পত্তি চাষাবাদের জন্য এক ছেলে মো. সাইদুজ্জামান চৌধুরী (খোকন) এর ভাগে বন্টন করে দেওয়া হয়। ওই সম্পত্তি পাওয়ার পর সাইদুজ্জামান অভিযুক্ত বড় ভাই মো. মোখলেছুর রহমান চৌধুরীর সহযোগিতায় কিছু দিন আগে সেখানে মুরগির একটি শেডের কাজ আংশিক শেষ করে বাকি জমিতে ফসল চাষের প্রস্তুতি নেন। মূলত এই সম্পত্তি নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।

বৃদ্ধ জজ মিয়া মাস্টার অভিযোগ করেন, তাঁর পাঁচ ছেলে ও তিন মেয়ে থাকলেও ছোট ছেলে- সম্প্রতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী (৪৫), রফিকুল ইসলামের স্ত্রী রুমা (৩৫) ও আরেক ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকন (৫০) ছাড়া বর্তমানে কেউ তাঁর খোঁজখবর নেন না। তবে কিছুদিন ধরে তাঁর বড় ছেলে মো. মোখলেছুর রহমান চৌধুরী (৫৭) ও ছোট ছেলে মো. মনিরুজ্জামান চৌধুরী ওরফে আল আমিন (৩৯)-মালয়েশিয়া প্রবাসী অপর ভাই মো. জামান চৌধুরীর প্ররোচনায় তাঁর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার ও অবিচার চালিয়ে আসছেন। শুধু তাই নয়, কিছু দিন আগে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবার বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় বড় ছেলে মোখলেসুর রহমান। পরবর্তীতে চাপের মুখে তালাটি খুলে দিতে বাধ্য হয় বলেও জানান অসহায় বৃদ্ধ পিতা।

তিনি আরও জানান, কিছুদিন আগে বড় ছেলে মোখলেছুর রহমান একটি ধারালো দা দেখিয়ে তাঁকে হুমকি দিয়ে বলেন, ৩০০ টাকা দিয়ে এ দা-টি কিনে এনেছি। সহায়-সম্পত্তি তার নামে লিখে না দিলে এক কোপে তাঁর (বাবার) গলা থেকে মাথা আলাদা করে ফেলে দিবে।

এই ধারাবাহিকতায় দশকাহুনিয়া উত্তর বন্দে ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনকে মৌখিকভাবে বন্টন করে দেওয়া বৃদ্ধ পিতা জজ মিয়া মাস্টারের পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩৬ শতাংশ সম্পত্তিতে গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে জোরপূর্বক প্রবেশ করে তাঁর অনুমতি ছাড়াই কলাগাছ লাগাতে শুরু করেন অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল আমিন। এ সময় বৃদ্ধ পিতা ওই সম্পত্তিতে কলাগাছ লাগাতে বাধা দিলে তারা বৃদ্ধ পিতার সঙ্গে অসদাচরণ করেন এবং শাবল নিয়ে পিতার দিকে তেড়ে এসে তাঁকে মারধোর করেছে বলে পিতা জজ মিয়া মাস্টার অভিযোগে উল্লেখ করেন।

জজ মিয়া মাস্টার আরও অভিযোগ করেন, এই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল-আমিন তাদের অপর ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী রুমার ওপর মিথ্যা দোষ চাপান। তারা এলাকায় সংবাদকর্মী এনে প্রচার করান যে, রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা না-কি তাদের লাগানো কলাগাছ কেটে ও তুলে ক্ষতি করেছে। কারণ উল্লেখ করে তিনি বলেন, রফিকুল ইসলাম ও রুমা তাঁর দেখাশোনা করে এজন্য রফিকুল ইসলাম ও রুমার প্রতি ক্ষিপ্ত ছিলো মোখলেস ও আল আমিন সহ তাদের পরিবারের অন্যান্যরা।

এ বিষয়ে প্রশ্ন তুলে জজ মিয়া বলেন, ‘যে সম্পত্তি আমি তাদের কাউকে লিখে বা বন্টন করে দিইনি, সেই সম্পত্তি মোখলেস ও আল আমিনের হয় কীভাবে? মৌখিকভাবে বন্টন করে দেওয়া আমার অপর ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনের সম্পত্তিতে জোরপূর্বক কলাগাছ লাগাতে বাধা দিয়ে আমি নিজেই সেইসব কলাগাছের চারা তুলে ও কেটে ফেলেছি। ঘটনার সময় ওই জমিতে আমার ছেলে মো. রফিকুল ইসলাম চৌধুরী বা তার স্ত্রী রুমা আসেনি। তাহলে তারা কীভাবে কলাগাছের ক্ষতি করল?’

বৃদ্ধ পিতা হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার তাঁর ওপর চলা অমানবিক নির্যাতন ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত তিন সন্তানের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সহ প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মোখলেছুর রহমান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁর বাবা জীবিত আছেন। তাঁরা ৫ ভাই । দশকাহুনিয়া উত্তর বন্দে তাঁদের পিতার একটি জমিতে তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ভাগের দুই অংশ রেখে বাকি তিন ভাইয়ের অংশে তিনি কলাগাছের চারা রোপন করার সময় তাঁর বাবা ওই জমিতে কলাগাছ লাগাতে নিষেধ করেন। পরবর্তীতে তাঁর ছোট ভাই অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা এসে তাদের রোপিত কলাগাছের চারা কেটে নষ্ট করে ফেলেছে। তিনি আরো দাবী করেন তাদের পিতা এসব প্যাচ লাগিয়ে রেখেছে। এ বিষয়ে এলাকার মানুষ নিয়ে বার বার বসতে বলা হলেও বাবা এ বিষয়ে বসতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি