রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪
মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে মোঃ হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী মোসাঃ জোহুরা বেগম। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মোঃ সুজন এবং একই থানার বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আঃ হালিম।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর নিহত সিহাব রানার বাবা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।
অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
© All rights reserved © 2022
Leave a Reply