জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভবন সংকট ও জরাজীর্ণ অবস্থার কারণে ব্যাহত হচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিম গুরুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। নিজস্ব নিরাপদ ভবন না থাকায় বর্তমানে গুরুই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে। এতে চরম ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওর অধ্যুষিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একসময় গুরুই মঠভাঙা এলাকায় বিদ্যালয়টির নিজস্ব ভবন ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি ধসে পড়ে। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুই ইউনিয়ন পরিষদের সামনের একটি ভবনে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
বর্তমানে ওই ভবনটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আলাদা অফিস কক্ষ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয়টিতে বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন শিক্ষক। শ্রেণিকক্ষের সংকটের কারণে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গাদাগাদি করে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এমন বেহাল অবস্থা চললেও নতুন ভবন নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাভাবিক পাঠদান পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
© All rights reserved © 2022
Leave a Reply