মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধিনগর ভবন, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনাসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
মঙ্গলবার (৯ জুন, ২০২৬) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় নগরীর মার্কেটগুলোর পরিবেশ রক্ষা এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। সভায় আলোচিত প্রধান বিষয়সমূহ ছিল:
বিদ্যুৎ সাশ্রয়: সরকারি নির্দেশনা মেনে মার্কেটগুলোতে আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
বর্জ্য ব্যবস্থাপনা: মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণ: বর্তমান মৌসুমে ডেঙ্গু বিস্তার রোধে নিজ নিজ মার্কেট ও আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার রাখার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ট্রেড লাইসেন্স: সকল ব্যবসায়ীকে নিয়মের মধ্যে থেকে সময়মতো ট্রেড লাইসেন্স নবায়ন ও হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “বাজারগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এতে ব্যবসায়ী নেতৃবৃন্দেরও সমান অংশগ্রহণ প্রয়োজন। নাগরিক সেবা নিশ্চিত করতে ও সিটি কর্পোরেশনের লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় মার্কেট কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ মার্কেটের সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। প্রশাসক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিএসসিসি মালিকানাধীন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply