মোঃ আবদুল আউয়াল প্রতিনিধি
জেলা পুলিশ কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তুলতে আজ ০৩ জুন বুধবার বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
শহরের বটতলা মোড় হতে শুরু করে কাচারী বাজার, গৌরাঙ্গ বাজার এবং পুরান থানা মোড়সহ প্রধান সড়কগুলোর ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ‘বড়লোকের দোকানের এক্সটেনশন ’উচ্ছেদে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দোকানের নির্ধারিত সীমানা অতিক্রম করে বাইরে রাখা মালামাল অপসারণ করা হয়েছে, যাতে পথচারীদের চলাচলে কোনো বাধা না থাকে।
অভিযানের মূল লক্ষ্য হলো ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা, শহরের যানজট নিরসন করে নাগরিক দুর্ভোগ লাঘব করা এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলে একটি সুশৃঙ্খল শহর উপহার দেওয়া।
অভিযানে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের উদ্দেশ্যে দৃঢ়কণ্ঠে বলেন, “ফুটপাত জনগণের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে। জনস্বার্থে এই অভিযান একটি চলমান প্রক্রিয়া, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা- কিশোরগঞ্জ সদর , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার- সদর সার্কেল, অফিসার ইনচার্জ-সদর মডেল থানা, কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম তুলে ধরেন ।
শহর আমাদের সবার। একটি পরিচ্ছন্ন ও সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা ও সচেতনতা আমাদের একান্ত কাম্য। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত শহর গড়ে তোলা সম্ভব। আসুন, আমরা সবাই আইন মেনে চলি এবং একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য কিশোরগঞ্জ বিনির্মাণে ভূমিকা রাখি।
© All rights reserved © 2022
Leave a Reply