কুলিয়ারচরে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর নির্দেশ
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে একটি কুড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার রেললাইনের পশ্চিম পাশে খরকমারা গ্রামের জিল্ল মিয়ার মালিকানাধীন কুড়ার মিলে সরকারি চাল মজুত থাকার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে সাংবাদিক আলি হায়দার শাহিন ঘটনাস্থলে গিয়ে Our Kuliarchar TV ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করেন। লাইভের মাধ্যমে বিষয়টি দ্রুত জনসাধারণ ও প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়ে মিলটি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে মিলের ভেতরে শতাধিক বস্তা সরকারি চাল পাওয়া গেলে ইউএনও মিলটিতে তালা লাগানোর নির্দেশ দেন।
পরে কুলিয়ারচর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দীন প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মিলটিতে তালা লাগিয়ে দেন এবং উদ্ধারকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি খাদ্য সহায়তার চাল কীভাবে একটি ব্যক্তিমালিকানাধীন মিলে পৌঁছালো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে।
এদিকে ঘটনাটি অবগত হওয়ার পর পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত চালের উৎস, মজুতের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ বা অবৈধভাবে মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে।
© All rights reserved © 2022
Leave a Reply