মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে পাটের ব্যাগ দ্বারা কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত ২২ মে ২০২৬ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই বিশেষ সচেতনতা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। পরিবেশের ক্ষতি না করে পাটের ব্যাগের ব্যবহার এবং সঠিক নিয়মে বর্জ্য অপসারণের মাধ্যমে আমরা ঢাকাকে সুন্দর রাখতে পারি। এই কার্যক্রমে সম্মানিত নগরবাসীর স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণ একান্ত কাম্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কমিশনার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন খোকন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি নাগরিকদের সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, “ঈদের আনন্দকে বজায় রেখে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা সকলের নাগরিক দায়িত্ব। সিটি কর্পোরেশনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ স্থানীয় বাসিন্দা ও সাধারণ নাগরিকদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ এবং দ্রুত বর্জ্য অপসারণ সংক্রান্ত দিকনির্দেশনামূলক লিফলেট বিতরণ করেন। বক্তারা কোরবানি পরবর্তী সময়ে দ্রুততম সময়ের মধ্যে চারপাশ পরিচ্ছন্ন করতে এবং জীবাণুনাশক ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply