হোসেনপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীদের হাতে হেনস্থা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সংবাদকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এসকে শাহীন নবাব বাদী হয়ে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের বাসিন্দা মো. শফিউদ্দিন সরকার বাচ্চু (৫০), পিতা মৃত মোসলেম উদ্দিন সরকার; মো. সাব্বির মিয়া (২২), পিতা মো. আ. করিম এবং মো. মজিবুর রহমান (৪০), পিতা মো. শামসুল হক মাস্টার। এছাড়া অভিযোগে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল আনুমানিক ৩টার দিকে হোসেনপুর থানাধীন টানসিদলা মোড়ে এবং পরদিন ১ নভেম্বর দুপুর ১২টার দিকে বাদীর নিজ বসতবাড়িতে এই অপ্রীতিকর ঘটনা ও হুমকির ঘটনা ঘটে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং বিবাদী শফিউদ্দিন সরকার বাচ্চু স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপকর্ম চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। ২০২১ সালের একটি অটোরিকশা চুরির ঘটনার সালিশের নামে তিনি এক ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী ওই টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে মারধর ও মিথ্যা মামলার ভয় দেখান।
গত ৩১ অক্টোবর ওই বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে সাংবাদিক এসকে শাহীন নবাবের ওপর চড়াও হন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জনসমক্ষে হেনস্থা করেন। এরই জের ধরে পরদিন ১ নভেম্বর দুপুরে অন্য বিবাদীরা বাদীর বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহড়া দেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসেন বলে অভিযোগে বলা হয়েছে। বর্তমানে ওই সাংবাদিক পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
© All rights reserved © 2022
Leave a Reply