ময়মনসিংহে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ ৫ আগস্ট
প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে কর্মরত শতাধিক পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশেষ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ময়মনসিংহে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার হলরুমে বিকেল ৪:০০ ঘটিকায় অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে এ সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এবং ময়মনসিংহ মহানগর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
উল্লেখ্য, গত ১৩ থেকে ১৫ জুন ২০২৬ইং তারিখে তিন দিন ব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জেলা তথ্য অফিস ময়মনসিংহ (গণযোগাযোগ অধিদপ্তর) এবং আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহ (তথ্য অধিদপ্তর)-এর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে কর্মশালাটি পরিচালনা করা হয়। এতে ময়মনসিংহের অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের নীতি ও আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ময়মনসিংহ মহানগর প্রেস ক্লাবের সভাপতি মো: আরিফ রেওগীর এবং ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কার কমিটির মুখ্য সংগঠক জহর লাল দে জানান, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির এই অনন্য উদ্যোগের ধারাবাহিকতায় সনদ বিতরণ পর্বটিকে স্মরণীয় করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা স্থানীয় সকল গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply