মোঃ রবিউল আউয়াল রিপোর্টঃ
সাতক্ষীরায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শুরু হওয়া এই ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় অনেক এলাকা এখনো অন্ধকারে রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের সুলতানপুর এলাকা। সেখানে অন্তত ১৫টি পরিবারের টিনের চাল উড়ে গিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটিয়েছেন।
ক্ষতিগ্রস্ত জবেদা খাতুন জানান, ঝড়ে তার ঘরের চালসহ ভেতরের সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। একই এলাকার বিউটি খাতুন ও এরশাদ হোসেন জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বের হতে হয়েছে তাদের।
ঘরবাড়ির পাশাপাশি শিলাবৃষ্টির কারণে চলতি মৌসুমের আম ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত জানান, রাত থেকেই বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2022
Leave a Reply