হোসেনপুরে পৈত্রিক জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মারধরের হুমকির অভিযোগ
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ চর হাজীপুর গ্রামে পৈত্রিক জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে গত ৯ মার্চ হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী নবী হোসেন, রাসেল, মমিন, ইব্রাহিমসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোফাজ্জল হোসেনের পৈত্রিক বসতবাড়ি ও ফলজ গাছের ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। গত ০৮মার্চ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে ওই জায়গার গাছপালা কেটে রাস্তা নির্মাণের প্রস্তুতি নেয়।
ভুক্তভোগী মোফাজ্জল হোসেন জানান, “বিবাদীদের উক্ত জায়গায় কোনো জমি নেই। তারা ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রাম দা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে। প্রাণভয়ে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, বিবাদীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের ফলে ভুক্তভোগী পরিবারের বসতবাড়ি ও ফলজ বাগানের অপরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং এই অন্যায়ের সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন – অভিযোগ পেয়েছি বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
© All rights reserved © 2022
Leave a Reply