দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম: বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হোসেনপুর পৌরসভার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম রফিক বলেন,৭১ এর স্বাধীনতা যুদ্ধের পর এবং জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে দীর্ঘদিন পর জনগণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছে। ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আনন্দিত করেছে। আশা করি জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে হোসেনপুর উপজেলায় ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫৯ টি কেন্দ্রের ৩২৯ টি বুথে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১১৩ জন।
© All rights reserved © 2022
Leave a Reply