অভাব জয় করে ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক স্কলারশিপ: সুনামগঞ্জের চা বিক্রেতার মেয়ে রুহির অদম্য সাফল্য
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দারিদ্র্য আর জীবনসংগ্রাম যাকে দমাতে পারেনি, অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে তিনি আজ বিশ্বমঞ্চে নিজের স্থান করে নিয়েছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার এক দরিদ্র চা বিক্রেতার মেয়ে রুহি অর্জন করেছেন প্রায় ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক স্কলারশিপ।
নদীতে খেয়া-নৌকা নিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করেন রুহির বাবা। অতি সীমিত আয়ে চলা পরিবারে প্রতিনিয়ত লেগে থাকত চরম অভাব-অনটন। অনেক দিন না খেয়েই স্কুলে ছুটতে হয়েছে রুহিকে। পুষ্টির অভাবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও পড়াশোনা ও নিজের স্বপ্নের প্রতি তাঁর তীব্র একাগ্রতা একবিন্দুও কমেনি।
নিজের স্মৃতিচারণ করে আবেগপ্লুত কণ্ঠে রুহি বলেন, “এমন দিনও গেছে না খেয়েই স্কুলে গেছি। স্যার-ম্যাডামরা যখন জিজ্ঞেস করতেন, বলতাম খাইনি। তাঁরা বলতেন খাবার না খেলে শরীরে শক্তি হবে না, পড়াশোনা করবে কীভাবে? অভাব আমাকে শারীরিকভাবে দুর্বল করেছে, কিন্তু আমার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। অভাবের কাছে আমি হার মানিনি।”
সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা কখনো মেয়ের পড়াশোনার অদম্য আগ্রহকে থামতে দেননি। আজ সেই বাবার মেয়েই ৭৫ লক্ষ টাকার স্কলারশিপ অর্জন করে পুরো এলাকা ও দেশের মুখ উজ্জ্বল করেছেন।
রুহির এই অনন্য অর্জন প্রমাণ করে—সফলতার জন্য কোনো বিত্তশালী পরিবারে জন্ম নেওয়ার প্রয়োজন নেই, দরকার শুধু অদম্য ইচ্ছাশক্তি আর লক্ষ্য অর্জনের দৃঢ় বিশ্বাস। রুহির এই বিজয় কেবল তাঁর নিজের বা পরিবারের নয়, বরং পুরো দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
© All rights reserved © 2022
Leave a Reply