চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদকে চান হোসেনপুরবাসী
বিশেষ প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):
আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। উপজেলা চেয়ারম্যান পদে রাজপথের পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ।
দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় অবস্থান, কর্মী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকার কারণে তাকে ঘিরে পুরো উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-দীপনা দেখা দিয়েছে। স্থানীয় জনগণ ও কর্মী-সমর্থকদের মতে, হোসেনপুরের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান এবং একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা গঠনে তার নেতৃত্বের বিকল্প নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শহীদুল্লাহ কায়সার শহীদ সবসময় সুখে-দুঃখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। উপজেলার নাগরিক সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে ও সুশাসন প্রতিষ্ঠায় তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হোসেনপুরের সর্বস্তরের জনগণ।
নির্বাচনী প্রত্যাশা ও ভাবনার বিষয়ে শহীদুল্লাহ কায়সার শহীদ জানান, “রাজনীতি আমার কাছে জনগণের সেবা করার একটি মাধ্যম। হোসেনপুর উপজেলার প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের মূল শক্তি। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে আমি কাজ করে যেতে চাই। হোসেনপুরবাসী যে প্রত্যাশা নিয়ে আমার দিকে চেয়ে আছেন, তাদের সেই ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা দিতে আমি বদ্ধপরিকর।”
উপজেলার অলিগলি থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই আলোচনা—একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য হোসেনপুর গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে শহীদুল্লাহ কায়সার শহীদকেই দেখতে চায় স্থানীয় জনগণ।
© All rights reserved © 2022
Leave a Reply