1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রংপুরে ডিশ ব্যবসা দখলের নেপথ্যে আওয়ামী লীগের উস্কানি: সাবেক যুবদল নেতা গালিবের সংবাদ সম্মেলন - dailyjanatarshakti
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

রংপুরে ডিশ ব্যবসা দখলের নেপথ্যে আওয়ামী লীগের উস্কানি: সাবেক যুবদল নেতা গালিবের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

রংপুরে ডিশ ব্যবসা দখলের নেপথ্যে আওয়ামী লীগের উস্কানি: সাবেক যুবদল নেতা গালিবের সংবাদ সম্মেলন

হারুন-অর-রশিদ বাবু, রংপুর | ৫ মার্চ, ২০২৬
রংপুরে ক্যাবল ওয়ান অফিসে হামলা ও ডিশ লাইনের ফিড নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট ঘটনাকে আওয়ামী লীগের উস্কানি এবং পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা বলে অভিযোগ করেছেন রংপুর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে গালিব তার ডিশ ব্যবসা দখলমুক্ত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুলাই বিপ্লবের মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গালিব জানান, ২০১০ সাল থেকে তিনি নগরীর কামাল কাছনা এলাকায় সিগনাল অপারেটরের মাধ্যমে ডিশের ফিড ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ (কানা হারুন) এবং ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন (রেডিও সুমন) ডিবি পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করায়।

তিনি অভিযোগ করেন, “আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়ে আমার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসাটি অবৈধভাবে দখল করে নেয় কানা হারুন ও তার বাহিনী। এরপর থেকে তারা নিয়মিত আমার কর্মচারীদের মারধর ও রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা চালিয়ে আসছিল।”

ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ছলচাতুরি’র অভিযোগ করে বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে গালিব তার ব্যবসা ফিরে পাওয়ার উদ্যোগ নেন। তিনি জানান, এ বিষয়ে তিনি ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মিজানুর রহমান তাকে ব্যবসা ফিরিয়ে না দিয়ে উল্টো গড়িমসি শুরু করেন।

গালিবের দাবি, “গত ২৮ ফেব্রুয়ারি রেডিও সুমনের স্ত্রী ও সাবেক কাউন্সিলর রীপার মেয়েকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আমার বিরুদ্ধে লাইন কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়। এটি মূলত আমার বৈধ পাওনা বুঝিয়ে না দেওয়ার একটি অপকৌশল।”

সম্প্রতি ক্যাবল ওয়ান অফিসে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রসঙ্গে গালিব বলেন, “আমি ওই ঘটনার সময় কামাল কাছনায় নিজ বাড়িতে ইফতার শেষে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখি। সেখানে আমার উপস্থিত থাকার প্রশ্নই আসে না। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেফতারের মাধ্যমে আমার রাজনৈতিক ও ব্যবসায়িক সম্মানহানি করা হয়েছে।”

তবে ক্যাবল ওয়ান অফিসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তামজিদুর রশিদ গালিব বলেন, “আওয়ামী ফ্যাসিবাদীদের নীল নকশা এখনো সক্রিয়। আমি প্রশাসন ও সরকারের কাছে আহ্বান জানাই, শুধু আমার ব্যবসা নয়, রংপুরের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের যেসব প্রতিষ্ঠান অবৈধ দখলে রয়েছে, তা উদ্ধারে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।” একইসঙ্গে তিনি জুলাই বিপ্লবের মামলার আসামি মিজানুর রহমানসহ অন্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি